ট্রাম্পের ‘মিশন কমপ্লিট’ দাবির মাঝেই ইজরায়েলে ইরানি মিসাইল বৃষ্টি! মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন মোড়

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ‘অপারেশন এপিক ফিউরি’-র মাধ্যমে ইরানের নৌসেনা, বায়ুসেনা এবং মিসাইল শক্তি প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু তাঁর এই ‘বিজয়’ ঘোষণার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকালে ইজরায়েলের ওপর আছড়ে পড়ল ইরানি মিসাইল। ট্রাম্পের দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরান প্রমাণ করে দিল, তাদের রণশক্তি এখনও নিঃশেষ হয়নি।

সূত্রের খবর, উত্তর ইজরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর শহর হাইফা এবং তেল আভিভের পার্শ্ববর্তী এলাকাগুলিকে নিশানা করে অন্তত তিনটি দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। ইজরায়েলের ‘আয়রন ডোম’ সুরক্ষা কবচ বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও, কয়েকটি মিসাইল লক্ষ্যভেদে সফল হয়েছে। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত চারজন আহত হয়েছেন। ট্রাম্প যেখানে দাবি করেছিলেন যে ইরানকে “পাথর যুগে পাঠিয়ে দেওয়া হবে”, সেখানে এই পালটা হামলা ওয়াশিংটন ও তেল আভিভের গোয়েন্দা তথ্যের ওপর বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। বর্তমানে গোটা ইজরায়েলে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে আইডিএফ (IDF)। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংঘাত কমার বদলে আগামী ২-৩ সপ্তাহে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।