বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা! মদ্যপান ও শৃঙ্খলাভঙ্গের দায়ে ভারত ছাড়তে হলো আমিরশাহীর ব্যাটারকে

মঙ্গলবার চিপকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করার ঠিক আগেই বড়সড় ধাক্কা খেল সংযুক্ত আরব আমিরশাহী। গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে পাক বংশোদ্ভূত ব্যাটার মহম্মদ জোহেবকে। আমিরশাহী ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই কড়া সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত কারণ না জানানো হলেও, বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জোহেবের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপান এবং দলের সঙ্গে মানিয়ে নিতে না পারার মতো অভিযোগ উঠেছে। ব্যক্তিগত কারণে সতীর্থদের থেকে দূরত্ব বেড়ে যাওয়ায় শেষমেশ তাঁকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় মরুদেশের বোর্ড। ২৩ বছর বয়সী এই ব্যাটার ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে ২০.২০ গড়ে ৩০৩ রান করেছিলেন। তবে গত কয়েক মাস ধরেই তাঁর অফ-ফর্ম এবং আচরণ নিয়ে প্রশ্ন উঠছিল।

দলের একজন পাক বংশোদ্ভূত ক্রিকেটারকে নিয়ে এমন ঘটনায় যখন ‘ভারত-পাক’ মেরুকরণের গুঞ্জন উঠছে, ঠিক তখনই মুখ খুলেছেন অধিনায়ক মহম্মদ ওয়াসিম। তিনি স্পষ্ট জানিয়েছেন, “এখানে ভারত-পাকিস্তান বলে কিছু নেই। আমরা সবাই আমিরশাহীর হয়ে খেলছি এবং আমরা একটি পরিবারের মতো।” প্রস্তুতি ম্যাচে ইতালির কাছে হেরে চাপে থাকলেও কিউয়ি শিবিরের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী আমিরশাহী শিবির।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy