টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের লড়াই তখন চরমে। মাঠের প্রতিটি বলে যখন গ্যালারি কাঁপছে, ঠিক তখনই এক মজার কাণ্ড ঘটিয়ে বসলেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। ইংল্যান্ডের এক ব্যাটারের মারা শট মাটির ড্রপ খেয়ে ফিল্ডারের হাতে আসতেই (বাম্প বল) সেটিকে ‘আউট’ ভেবে উল্লাসে ফেটে পড়েন সাক্ষী। পাশে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন কুল ধোনি অবশ্য মুহূর্তেই পরিস্থিতি সামলে নেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সাক্ষী যখন আউট ভেবে লাফাচ্ছেন, ধোনি তখন অত্যন্ত শান্তভাবে তাঁর হাত ধরে বোঝান যে বলটি মাটিতে ড্রপ খেয়েছে, তাই এটি আউট নয়। ধোনির সেই শান্ত ভঙ্গিতে কিছু বলা এবং সাক্ষীর লজ্জা পেয়ে জিভ কাটার দৃশ্যটিই এখন সোশ্যাল মিডিয়ায় সুপারহিট। নেটিজেনরা বলছেন, মাঠ হোক বা গ্যালারি—ধোনি সব জায়গাতেই সমান শান্ত এবং নিখুঁত।
ম্যাচ চলাকালীন ধোনিকে সচরাচর খুব একটা বিচলিত হতে দেখা যায় না। তবে গ্যালারিতে পরিবারের সঙ্গে বসে খেলা দেখার সময় তাঁর এই ‘ম্যাচ রিডিং’ দক্ষতা দেখে মুগ্ধ ভক্তরা। অনেকেই মজা করে লিখছেন, “আম্পায়ার ভুল করতে পারেন, কিন্তু ধোনি নয়।” ভারত ফাইনালে পৌঁছে গেলেও, সেমিফাইনালের এই অফ-ফিল্ড মুহূর্তটি বিশ্বকাপের অন্যতম সেরা হাইলাইট হিসেবে থেকে গেল।