কলকাতা নাইট রাইডার্সের ‘মিস্ট্রি স্পিনার’ বরুণ চক্রবর্তীকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে ২ ওভারে ৩১ রান দিয়ে অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হন বরুণ। ২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে চলা তাঁর খারাপ ফর্ম এবার আইপিএলেও চিন্তার ভাঁজ ফেলছে নাইট শিবিরে।
পাঠান মনে করেন, অফ-ফর্মে থাকা একজন বোলারকে পাওয়ার প্লে-র মতো কঠিন সময়ে বল করানো অধিনায়ক অজিঙ্ক রাহানের ভুল সিদ্ধান্ত ছিল। তাঁর মতে, এতে বোলারের আত্মবিশ্বাস আরও তলানিতে ঠেকে। পাঠান বলেন, “বরুণ একজন ম্যাচ উইনার, কিন্তু তাঁকে ভুল সময়ে ব্যবহার করে তাঁর ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে।” যদিও দ্বিতীয় ইনিংসে রাহানের অধিনায়কত্বের প্রশংসা করেছেন তিনি, তবে বোলার ও অধিনায়কের এই সমন্বয়হীনতা কেকেআরের টানা দ্বিতীয় হারের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ২২৭ রান তাড়া করতে নেমে ১৬১ রানেই শেষ হয়ে যায় কেকেআরের ইনিংস।





