‘বয়স তো স্রেফ একটা সংখ্যা!’ রোহিত-বিরাটের পাশে দাঁড়িয়ে আগরকরকে কড়া জবাব ধোনির

২০২৭ ওডিআই বিশ্বকাপ শুরু হতে এখনও হাতে মাস ১৮ সময়। কিন্তু তার আগে ভারতীয় ক্রিকেটের দুই মহীরূহ রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে জলঘোলা কম হচ্ছে না। বিশেষ করে মুখ্য নির্বাচক অজিত আগরকর যখন তাঁদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, ঠিক তখনই আসরে নামলেন ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। মাহির স্পষ্ট বার্তা— দল নির্বাচনে অগ্রাধিকার পাওয়া উচিত ফিটনেসের, বয়সের নয়।

আগরকরকে পরোক্ষ নিশানা মাহির: সম্প্রতি অজিদের বিরুদ্ধে বিরাটের ফর্ম নিয়ে সমালোচনা শুরু হলে আসরে নামেন নির্বাচকরা। কিন্তু ধোনি মনে করিয়ে দিয়েছেন, বিরাট ইতিমধ্যেই ৮৫টি আন্তর্জাতিক শতরান করে নিজের জাত চিনিয়েছেন। একটি অনুষ্ঠানে মাহি বলেন, “আমি যখন ২৪ বছর বয়সে ডেবিউ করেছিলাম, কেউ বয়সের কথা বলেনি। আজ ৪৪ বছরে দাঁড়িয়েও যদি আমি আইপিএল খেলতে পারি, তবে ৩৯ বছরের রোহিত বা ৩৮ বছরের বিরাট কেন পারবে না?” তাঁর মতে, ২৫ বছর বয়সী আনফিট ক্রিকেটারের চেয়ে ৩০ বা ৩৫-এর ফিট ক্রিকেটার অনেক বেশি কার্যকরী।

গম্ভীর বনাম ধোনি? টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়েছেন, দলে টিকে থাকতে হলে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতেই হবে। এই আবহে ধোনির মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ধোনি মনে করেন, অভিজ্ঞতার কোনও বিকল্প হয় না। রোহিত ও বিরাটের বিশ্বকাপে খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাঁদেরই থাকা উচিত। গত কয়েক মাসে যেভাবে সমালোচকদের মুখে কুলুপ এঁটে কোহলি ও হিটম্যান রান পাচ্ছেন, তাতে ধোনির এই সমর্থন তাঁদের বাড়তি অক্সিজেন জোগাবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy