ভারত ও পাকিস্তানের মধ্যকার তিক্ত সম্পর্কের ছায়া এবার পড়তে চলেছে বিশ্ব ক্রিকেটের মেগা আসরগুলোতে। ভারতীয় সংবাদমাধ্যম ও অস্ট্রেলিয়ার ‘দ্য এজ’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছে আইসিসি। এই দৌড়ে আয়োজক দেশ হিসেবে সবথেকে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
মূলত ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে যে ‘হাইব্রিড মডেল’ ব্যবহার করা হচ্ছে, তা নিয়েই অসন্তুষ্ট ক্রিকেটের নিয়ামক সংস্থা। দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে একে অপরের মাটিতে খেলতে না যাওয়ায় আইসিসি-কে বিপুল অর্থ খরচ করতে হচ্ছে যাতায়াত এবং আলাদা হোটেলের ব্যবস্থার জন্য। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাকিস্তানে না যাওয়ার জেদ থেকেই এই জটিলতার সূত্রপাত। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশও, তারাও এখন নিরপেক্ষ দেশে খেলার দাবি তুলছে।
যদিও ভারতে খেলা হলে আইসিসি-র লভ্যাংশ অনেক বেশি থাকে, তবুও লজিস্টিক সমস্যা ও অতিরিক্ত খরচ এড়াতে প্রতিযোগিতার ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা জোরালো হচ্ছে। তবে ভারত থেকে টুর্নামেন্ট সরানো মানেই বড় অঙ্কের লোকসান, তাই আইসিসি শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রীড়ামহল।