কলকাতা ময়দান যেন ডার্বি নিয়ে এক চিরস্থায়ী অনিশ্চয়তার বৃত্তে বন্দি। ২০২৪-এর আগস্টে আর. জি. কর কাণ্ডের জেরে সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ড কাপের ডার্বি বাতিল হওয়ার ক্ষত এখনো টাটকা। সেই ঘটনার প্রায় দু’বছর পর আবারও রাজ্য রাজনীতির ডামাডোলে আইএসএলের ডার্বি ঘিরে তৈরি হলো বড়সড় প্রশ্নচিহ্ন।
আগামী ৩ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়ার কথা ছিল আইএসএলের মেগা ডার্বি। কিন্তু নির্বাচন কমিশনের ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী, ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। স্বাভাবিকভাবেই ভোটের ফলপ্রকাশের আগের দিন এমন হাইভোল্টেজ ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের পক্ষে কঠিন। এই পরিস্থিতিতে ফেডারেশনের সামনে দুটি রাস্তা খোলা: এক, ম্যাচ অন্য রাজ্যে সরিয়ে নেওয়া অথবা দুই, ডার্বির তারিখ পিছিয়ে দেওয়া। সূত্র মারফত খবর, সম্ভবত ১৭ মে ম্যাচটি আয়োজিত হতে পারে।
এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছেন, এবারের আইএসএল সূচি ফেডারেশন নয়, বরং ক্লাবের প্রতিনিধিরাই তৈরি করেছেন। তাই তারিখ পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্তও তাদের হাতেই। এদিকে, দুই দফায় ভোট ও তার পরবর্তী ফলপ্রকাশের আবহে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের অন্যান্য ম্যাচের সূচি নিয়েও পুলিশি জটিলতার আশঙ্কা থাকছেই।
চলতি আইএসএলে পরিস্থিতির বিচারে মোহনবাগান অনেকটাই এগিয়ে। ১৩ পয়েন্ট নিয়ে তারা তালিকার শীর্ষে এবং অপরাজিত। অন্যদিকে, ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রয়েছে চার নম্বরে। কোচ বদলের দাবি উঠলেও ইমামি বা ক্লাব কর্তৃপক্ষ আপাতত সেই পথে হাঁটছে না। ডার্বি এখন অনেক দূরে, তার আগে দলগুলো কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার।