‘পুরনো উপকার ভুলবেন না’, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে পাকিস্তানকে কড়া চিঠি আমিরশাহি ক্রিকেট বোর্ডের

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ ঘিরে নাটক চরমে। ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ম্যাচ বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পর এবার ময়দানে নামল এমিরেটস ক্রিকেট বোর্ড (ECB)। পিসিবি-কে কড়া ভাষায় চিঠি লিখে আমিরশাহি বোর্ড মনে করিয়ে দিয়েছে যে, কঠিন সময়ে পাকিস্তান ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে তাদের অবদান কতখানি।

চিঠির মূল বক্তব্য ও ‘উপকার’ স্মরণ: রেভস্পোর্টজের প্রতিবেদন অনুযায়ী, এমিরেটস ক্রিকেট বোর্ড তাদের চিঠিতে উল্লেখ করেছে যে, যখন কোনও দেশ পাকিস্তানে গিয়ে খেলতে চাইত না, তখন আমিরশাহি তাদের মাঠ ব্যবহার করতে দিয়েছে। বছরের পর বছর পাকিস্তানের ‘হোম ভেন্যু’ হিসেবে কাজ করে তারা পিসিবি-কে বিশ্ব ক্রিকেটে টিকিয়ে রেখেছে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, “পুরনো অনুগ্রহ ভুলে যাওয়া ঠিক নয়।”

আর্থিক ক্ষতির আশঙ্কা: আমিশাহি বোর্ড সতর্ক করেছে যে, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে সম্প্রচার স্বত্ব এবং স্পনসরশিপের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে আইসিসি-র তহবিলে টান পড়বে, যার সরাসরি প্রভাব পড়বে সহযোগী দেশগুলোর (Associate Nations) বাৎসরিক অনুদানে। অর্থাৎ, পাকিস্তানের একগুঁয়েমির জন্য পুরো ক্রিকেট ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে।

পাকিস্তানের তিন শর্ত: ক্রিকবাজের খবর অনুযায়ী, ভারতের বিরুদ্ধে মাঠে নামতে পিসিবি আইসিসি-র কাছে তিনটি হাস্যকর দাবি জানিয়েছে: ১. আইসিসি-র বাৎসরিক তহবিলের পরিমাণ বাড়াতে হবে। ২. ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার জন্য আইসিসি-কে গ্যারান্টি দিতে হবে। ৩. ম্যাচ শেষে করমর্দনের মতো সৌজন্য বজায় রাখতে হবে।

এখন দেখার, আমিরশাহি ও শ্রীলঙ্কার এই সাঁড়াশি চাপের মুখে পাকিস্তান শেষ পর্যন্ত নতি স্বীকার করে কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy