পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াল দিল্লি, শেষ মুহূর্তের আত্মঘাতী গোলের প্রায়শ্চিত্তে থ্রিলার জিতে মাঠ ছাড়ল ‘ব্লুজ’রা

মাঞ্চ, নাটকীয়তা আর গোলবন্যায় ভাসল ত্রয়োদশ আইএসএলের উদ্বোধনী দিন। ক্লাবজোটের অধীনে প্রথমবার আয়োজিত দেশের টপ-টিয়ার ফুটবল লিগের প্রথম ম্যাচেই বাজিমাত করল বেঙ্গালুরু এফসি। কান্তিরাভা স্টেডিয়ামে স্পোর্টিং ক্লাব দিল্লিকে রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে হারাল ‘ব্লুজ’রা। অন্যদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগ করে নিল দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি।
শনিবার উদ্বোধনী ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণাত্মক মেজাজে ছিল বেঙ্গালুরু। ম্যাচের ২২ মিনিটে স্প্যানিশ উইঙ্গার বোরহা মার্তিনেজের দুর্দান্ত শটে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দমে না গিয়ে মাত্র চার মিনিটের ব্যবধানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এসসি দিল্লি। ২৬ মিনিটে রড্রিগুইনহোর গোলে সমতা ফেরানোর পর, চার মিনিট বাদেই বেঙ্গালুরুর ডাচ ডিফেন্ডার মেনো কোচের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দিল্লি।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বেঙ্গালুরু। ৭৫ মিনিটে মন্টেনেগ্রো ফরোয়ার্ড মিহাইলো পেরোভিচের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান সেই মার্তিনেজ। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে খেসারত সুদে আসলে পুষিয়ে দেন ডিফেন্ডার মেনো কোচ। সোহম বর্ষনেয়ার ক্রস থেকে জোরালো হেডে ৩-2 করে বেঙ্গালুরুকে প্রথম ম্যাচে অমূল্য তিন পয়েন্ট এনে দেন পিএসভি’র এই প্রাক্তনী। জোড়া গোল করে জয়ের নায়ক হন বোরহা মার্তিনেজ।
এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে গোয়ার বিরুদ্ধে দুর্দান্ত লড়াই দিল চেন্নাইয়িন এফসি। ম্যাচের প্রথমার্ধে ইরফান ইয়াডওয়াডের গোলে এগিয়ে গেলেও জয় ধরে রাখতে পারেনি তারা। ৭৫ মিনিটে গোয়ার হয়ে সমতা ফেরান স্প্যানিশ উইঙ্গার ক্রিশ্চিয়ান বোরেগো ইসাবেল। শেষ পর্যন্ত ১-1 ড্রয়ের মাধ্যমেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। উদ্বোধনী দিনের এই জমজমাট লড়াই চলতি আইএসএল মরশুমের বাকি ম্যাচগুলি যে অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে, তারই স্পষ্ট ইঙ্গিত দিল।