নিজের রেকর্ড ভাঙা যেন অভ্যাসে পরিণত করেছেন আর্মান্ড ‘মোন্ডো’ ডুপ্লান্টিস। বৃহস্পতিবার ঘরের মাঠে আয়োজিত ‘মোন্ডো ক্লাসিক’ প্রতিযোগিতায় আবারও পোল-ভল্টে বিশ্বরেকর্ড গড়লেন সুইডেনের এই কিংবদন্তি। ৬.৩১ মিটার উচ্চতা পেরিয়ে তিনি নিজেরই আগের ৬.৩০ মিটারের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলেন।
এই নিয়ে মোন্ডো মোট ১৫ বার বিশ্বরেকর্ড ভাঙলেন, যার মধ্যে ১৪ বারই তিনি নিজের করা আগের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন। বিশ্ব অ্যাথলেটিক্সের ইন্ডোর ট্যুর সিলভার মিটের অংশ এই টুর্নামেন্টে আবারও প্রমাণ হলো কেন তাঁকে পোল-ভল্টের অবিসংবাদী সম্রাট বলা হয়। দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ডুপ্লান্টিস যেভাবে ধারাবাহিকভাবে উচ্চতার সীমা বাড়িয়ে চলেছেন, তা ক্রীড়াপ্রেমীদের কাছে বিস্ময়কর। উপসালায় অনুষ্ঠিত এই ইভেন্টে রেকর্ড ভাঙার পর গ্যালারি জুড়ে ছিল সমর্থকদের তুমুল উন্মাদনা।