টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা খেল গতবারের চ্যাম্পিয়ন ভারত। আমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে কার্যত কোণঠাসা সূর্যকুমার যাদবের দল। প্রোটিয়াদের বিরুদ্ধে হারের ব্যবধান এতটাই বেশি যে ভারতের নেট রান রেট নেমে দাঁড়িয়েছে -৩.৮০০-তে। গ্রুপের অন্য ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ সুবিধাজনক অবস্থায় থাকায় ভারতের ওপর চাপ আরও বেড়েছে। বর্তমানে গ্রুপ-এ’র পয়েন্ট টেবিলে বেশ খারাপ অবস্থানে টিম ইন্ডিয়া।
এখন প্রশ্ন উঠছে, ভারত কি আদৌ সেমিফাইনালে যেতে পারবে? হিসেব বলছে, ভারতকে শুধু ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতলেই হবে না, বড় ব্যবধানে জিতে রান রেটও শুধরাতে হবে। যদি দক্ষিণ আফ্রিকা, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ সবারই পয়েন্ট ৪ হয়, তবে নেট রান রেটই হবে শেষ কথা। অন্য গ্রুপেও সমীকরণ বেশ জটিল। সেখানে ইংল্যান্ড সুবিধাজনক জায়গায় থাকলেও বৃষ্টি বিঘ্নিত পাকিস্তান ও নিউজিল্যান্ডের ভাগ্য ঝুলে আছে পরবর্তী ম্যাচগুলোর ওপর। ভারতের জন্য এখন প্রতিটি ম্যাচই ফাইনাল, যেখানে জয়ের পাশাপাশি রান রেটের পাহাড় ডিঙানোই হবে প্রধান চ্যালেঞ্জ।