আইএসএলের শুরুটা ভালো করলেও, জয়ের ছন্দ হারিয়ে বর্তমানে পয়েন্ট টেবলের পাঁচে নেমে এসেছে ইস্টবেঙ্গল। শনিবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচটি কোচ অস্কার ব্রুজোঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে একের পর এক ফুটবলারের অনিশ্চয়তা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লাল-হলুদ শিবিরে।
সাউল ক্রেসপো চোট সারিয়ে অনুশীলনে ফেরায় ব্রুজোঁর মুখে কিছুটা স্বস্তি ফিরলেও, নতুন বিদেশি অ্যান্টন সোবার্গকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গত কয়েকদিন তিনি মূল দলের সঙ্গে বল নিয়ে অনুশীলন করেননি, কেবল জিম ও সাইক্লিংয়ে সময় কাটিয়েছেন। এদিকে, দলের প্রথম সারির বিদেশি ডিফেন্ডার কেভিন সিবিলে এখনও মাঠে না নামায় রক্ষণভাগ নিয়ে প্রশ্ন উঠছে।
মিগুয়েল ফিগেরার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানোর জন্য কোচ এখন নাওরেম মহেশ সিংকে পুরনো ছন্দে ফেরাতে মরিয়া। ইউসেফ এজ্জেজারিকে গোলের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য মাঝমাঠে মিগুয়েল ও ক্রেসপোর বোঝাপড়াটাই হতে চলেছে ইস্টবেঙ্গলের বড় ভরসা। সূত্রের খবর, ডাগআউটে থাংবই সিংটোর প্রভাব ও দলের সাম্প্রতিক ব্যর্থতা—সব মিলিয়ে ব্রুজোঁর ওপর চাপ বাড়ছে। প্রতিকূলতা কাটিয়ে শনিবার যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরতে পারবে কি ইস্টবেঙ্গল? সেটাই এখন দেখার।