ইডেনের বাইশ গজে ফের একবার নিজের জাত চেনালেন ভারতীয় বোলিং বিভাগের সেরা তাস জসপ্রীত বুমরা। চার স্পিনারকে নিয়ে ভারত আক্রমণ সাজালেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেট ঝোলায় ভরে নায়ক সেই ‘বুম বুম’। কেরিয়ারের ১৬তম এবং দেশের মাটিতে তৃতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন গুজরাত পেসার। বুমরা নেতৃত্বাধীন ভারতীয় বোলিংয়ের দাপটে শেষমেশ প্রথমদিনের তৃতীয় সেশনের শুরুতেই মাত্র ১৫৯ রানে গুটিয়ে গেল সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের ইনিংস।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা, যা কার্যত বুমেরাং হয়ে ফিরল। ম্যাচের আগে সাই সুদর্শনকে বাদ দিয়ে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব—এই চার স্পিনার নিয়ে ভারত মাঠে নামলেও, দিনের শুরুতেই আঘাত হানলেন বুমরা। ওপেনিং জুটিতে ৫৭ রান তোলার পর বুমরার শিকার হন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার রায়ান রিকেলটন (২৩) এবং এইডেন মার্করাম (১৭)। এরপর প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা (৩ রান) কুলদীপের শিকার হন। ১০৫ রানে তিন উইকেট হারানোর পর মধ্যাহ্নভোজে যায় দক্ষিণ আফ্রিকা।
তবে আসল পতন দেখা যায় দ্বিতীয় সেশনে। মাত্র ৪৯ রান যোগ করে চা-বিরতির আগে আরও ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। উইয়ান মুল্ডার এবং টনি ডি জর্জি ২৪ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বুমরা, কুলদীপ ও সিরাজের ত্রিফলায় কার্যত ধরাশায়ী হন তাঁরা। দ্বিতীয় সেশন শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৮ উইকেটে ১৫৪। বিরতি থেকে ফিরে এসেই দ্বিতীয় ওভারে সিমরন হারমার (৫) ও কেশব মহারাজকে (০) ফিরিয়ে অতিথিদের ইনিংসের দাঁড়ি টানেন বুমরা। ৫ উইকেট পূর্ণ করে যখন তিনি সাজঘরে ফিরছেন, তখন ইডেনের গ্যালারি ‘বুমরা-বুমরা’ শব্দব্রহ্মে মুখরিত।