রবিবাসরীয় সন্ধ্যায় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রচিত হলো এক সোনালী ইতিহাস। আড়াই বছর আগে এই মাঠেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হৃদয় ভেঙেছিল কোটি কোটি ভারতীয়র। রবিবার ঠিক সেই মাঠেই নিউজিল্যান্ডকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ধরে রাখল ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অনন্য নজির গড়ল গৌতম গম্ভীরের শিষ্যরা।
ভারতের এই জয়ে খুশির জোয়ারে ভাসছে আসমুদ্রহিমাচল। বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি— তারকারা মেতেছেন টিম ইন্ডিয়ার জয়গানে। বরাবরের মতো এবারও ভারত জেতার পর ‘টোটকা’র কথা স্মরণ করিয়ে দিলেন বিগ বি অমিতাভ বচ্চন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “বলেছিলাম না খেলা না দেখলে জিতে যাব! জিতে গিয়েছি।” অন্যদিকে, অক্ষয় কুমার নিজের আসন্ন সিনেমা ‘ভূত বাংলা’-র গানের তালে নাচিয়ে অভিনন্দন জানিয়েছেন দলকে।
অজয় দেবগণ উচ্ছ্বসিত হয়ে জানান, চিৎকার করতে করতে তাঁর গলা বসে গিয়েছে। বলিউড বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে অনুপম খের, মহেশ বাবু, জুনিয়র এনটিআর এবং রামচরণের মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়াকে কুর্নিশ জানিয়েছেন। গম্ভীরের প্রশিক্ষণে ভারতীয় ক্রিকেটের এই অশ্বমেধের ঘোড়া এখন বিশ্বক্রিকেটে অপ্রতিরোধ্য।