খেলার দুনিয়ায় ধামাকা ২০২৬! ফুটবল বিশ্বকাপ থেকে এশিয়ান গেমস—ঠাসা সূচিতে কাঁপবে বিশ্ব

ক্রীড়াপ্রেমীদের জন্য ২০২৬ সাল হতে চলেছে উত্তেজনায় ঠাসা এক মহোৎসবের বছর। ক্রিকেট মাঠের বাউন্ডারি থেকে শুরু করে ফুটবলের সবুজ গালিচা—সব মিলিয়ে একটার পর একটা মেগা ইভেন্ট ক্যালেন্ডার জুড়ে। বিশ্বকাপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ এবং আইসিসি টুর্নামেন্টের এক অভূতপূর্ব মিলনমেলা বসতে চলেছে এই বছর।

ক্রিকেট: ভারতজুড়ে উন্মাদনা বছরের শুরুতেই জানুয়ারি মাসে ওমেন্স প্রিমিয়ার লিগ (WPL) দিয়ে পর্দার উন্মোচন হবে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের লড়াই। মাঝ জানুয়ারিতে বসছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। মার্চ থেকে মে মাস পর্যন্ত চলবে আইপিএল-এর মহাযজ্ঞ। জুনে ক্রিকেট বিশ্বের নজর থাকবে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে। বছরের শেষভাগে টিম ইন্ডিয়ার ব্যস্ত ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সফর ক্রীড়াপ্রেমীদের নজরে থাকবে।

ফুটবল: ৪৮ দলের মহারণ ২০২৬-এর সবথেকে বড় আকর্ষণ হলো ফিফা বিশ্বকাপ। ১২ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মাটিতে বসবে ফুটবলের মহাযজ্ঞ। এই প্রথমবার ৪৮টি দল অংশ নিতে চলেছে, যা ম্যাচ সংখ্যা এবং উত্তেজনার বিচারে ফুটবল ইতিহাসের বৃহত্তম ইভেন্ট হতে যাচ্ছে।

মাল্টি-স্পোর্টস: অলিম্পিকের পর এশিয়ান গেমস জুলাই মাসে গ্লাসগোতে বসছে কমনওয়েলথ গেমস। তবে সেপ্টেম্বর মাসে জাপানের আইচি-নাগোইয়ায় আয়োজিত এশিয়ান গেমস ঘিরেই থাকবে মূল উন্মাদনা। অক্টোবরে একই ভেন্যুতে প্যারা এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে।

অন্যান্য ইভেন্ট: টেনিস প্রেমিদের জন্য রয়েছে বছরের চারটি গ্র্যান্ড স্ল্যাম—অস্ট্রেলিয়ান ওপেন থেকে ইউএস ওপেন। হকির দুনিয়ায় শ্রেষ্ঠত্বের লড়াই দেখা যাবে আগস্টের এফআইএইচ হকি বিশ্বকাপে। এছাড়া অ্যাথলেটিক্সের ডায়মন্ড লিগ এবং জুলাইয়ের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ক্রীড়া সূচিকে আরও আকর্ষণীয় করে তুলবে। সব মিলিয়ে ২০২৬ সাল হতে চলেছে বিশ্ব ক্রীড়া জগতের এক অবিস্মরণীয় অধ্যায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy