পাক ক্রিকেটে নাটক যেন শেষ হতেই চায় না! এবার শিরোনামে খোদ ‘লালা’ অর্থাৎ শহীদ আফ্রিদি। পিএসএল-এ লাহোর কালান্দার্স দলের অধিনায়ক তথা নিজের জামাই শাহিন শাহ আফ্রিদির অফ-ফর্ম নিয়ে মুখ খুলতে গিয়ে কার্যত বোমা ফাটিয়েছেন তিনি। একটি টেলিভিশন টক-শো’তে আলোচনা চলাকালীন শহীদ আফ্রিদি সোজাসুজি বলেন, “ও যদি দলের কোনো কাজে না আসতে পারে, তবে ওকে দল থেকে বের করে দেওয়া উচিত।”
আফ্রিদির এই মন্তব্যটি বিশেষ করে শাহিনের অধিনায়কত্ব এবং ডেথ ওভারে প্রচুর রান বিলিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে এসেছে। শ্বশুরমশাইয়ের মতে, মাঠে কেবল সম্পর্কের খাতিরে বা নামের ভারে টিকে থাকা যায় না। তিনি বলেন, “আমি সবসময়ই সোজাসুজি কথা বলতে ভালোবাসি। যদি শাহিন ওর দায়িত্ব ঠিকমতো পালন না করে, তবে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত। লাহোর কালান্দার্সের স্বার্থে ওর ওপর কঠোর হওয়া প্রয়োজন।”
সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, আফ্রিদি আসলে শাহিনকে আরও উন্নত হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আবার অনেকের মতে, প্রকাশ্যে এভাবে জামাইকে আক্রমণ করাটা একটু বেশিই হয়ে গেল। শাহিন অবশ্য এই নিয়ে এখনও মুখ খোলেননি।