কবি জয় গোস্বামী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বদের এসআইআর (SIR) শুনানিতে ডাকা নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক তুঙ্গে। সেই বিতর্কের আবহেই এবার নয়া সংযোজন মহম্মদ শামি। ভারতীয় এই তারকা পেসারকেও শুনানিতে যোগ দিতে বলা হয়েছে। তবে বর্তমানে বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে শামি রাজকোটে থাকায়, আজ তিনি হাজিরা দিতে পারবেন না বলে কমিশনকে জানিয়েছেন।
আজ সাউথ সিটির পিছনে কাটজুনগর স্কুলে এই শুনানির আসর বসেছিল। শামি বর্তমানে রাজকোটে দুর্দান্ত ফর্মে রয়েছেন; ৫ ম্যাচে ইতিমধ্যেই নিয়েছেন ১১ উইকেট। তা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে তাঁকে ব্রাত্য রাখায় নির্বাচক প্রধান অজিত আগরকরকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শামির কোচ ও ইরফান পাঠানের মতো প্রাক্তনীরা। এই পরিস্থিতির মধ্যে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া সংক্রান্ত বা এসআইআর প্রক্রিয়ায় শামিকে ডাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
একই স্থানে আজ সকাল ১১টা নাগাদ অভিনেত্রী লাবনী সরকার ও অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে। তারকা এই দম্পতি সাউথ সিটি আবাসনের বাসিন্দা ও রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ভোটার। একে একে তারকাদের এভাবে তলব করা নিয়ে প্রশাসনিক স্বচ্ছতা ও প্রক্রিয়ার জটিলতা নিয়ে সরব হয়েছে রাজনৈতিক মহলের একাংশ।