বিশ্বকাপ জিতে মঙ্গলবার নিজের শহর পাটনায় পা রাখলেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপচে পড়েছিল মানুষের ভিড়। কিন্তু জয়ের হাসির আড়ালে যে এক গভীর শোক লুকিয়ে ছিল, তা খোলসা করলেন ঈশান নিজেই। তিনি জানান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের ঠিক আগের দিন পথ দুর্ঘটনায় তিনি তাঁর প্রিয় দিদি এবং জামাইবাবুকে হারিয়েছেন। ব্যক্তিগত জীবনে এমন ভয়াবহ বিপর্যয় সত্ত্বেও কেবল দেশের টানে মাঠে নেমেছিলেন তিনি এবং খেললেন ৫৪ রানের লড়াকু ইনিংস।
পাটনা বিমানবন্দরে ঈশান বলেন, “আমার দিদি সব সময় চাইতেন আমি বড় মঞ্চে রান করি। এই জয় আর আমার এই পারফরম্যান্স আমি ওকেই উৎসর্গ করছি।” তিনি আরও যোগ করেন, “বুক ফেটে যাচ্ছিল, বাড়ির লোক বারবার বলছিল ফিরে আসতে, কিন্তু ফাইনাল ম্যাচ ছেড়ে আসা সম্ভব ছিল না। আমার বিশ্বাস দিদি যেখানেই আছেন, আজ খুব খুশি হয়েছেন।” একদিকে বিশ্বজয়ের আনন্দ, অন্যদিকে পরিবারে শোকের ছায়া—ঈশানের এই মানসিক দৃঢ়তা দেখে স্তম্ভিত ক্রিকেট মহল। শুধু তাই নয়, বিমানবন্দরে যখন তাকে রাজনৈতিক বিতর্ক (ট্রফি নিয়ে মন্দিরে যাওয়া সংক্রান্ত) নিয়ে প্রশ্ন করা হয়, তিনি ধমক দিয়ে বলেন, “এত বড় একটা বিশ্বকাপ জিতলাম, দয়া করে ভালো কিছু প্রশ্ন করুন। দিদির ইচ্ছা ছিল আমি জিতি, দেশ জিতেছে—এর চেয়ে বড় আর কিছু হতে পারে না।” ঈশানের এই লড়াই এখন ভারতের কোটি কোটি তরুণের কাছে অনুপ্রেরণা।