বসন্তের শহরে এবার আইপিএলের আবহাওয়া। বুধবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে প্রথা মেনেই শুরু হলো কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন। ১৯তম আইপিএল মরশুমের লক্ষ্য নিয়ে ঘরের মাঠে ঘাম ঝরানো শুরু করল আজিঙ্কা রাহানে অ্যান্ড কোং। আগামী ২৫ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে উড়াল দেওয়ার আগে কলকাতাতেই সাত দিন কঠোর অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেবে নাইটরা।
প্রথম দিনের অনুশীলনে হেড কোচ অভিষেক নায়ার দলের মানসিকতা এবং জয়ের খিদে বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তবে মাঠের লড়াইয়ের চেয়েও বেশি নজর কেড়েছেন জিম্বাবোয়ের দীর্ঘদেহী পেসার ব্লেসিং মুজারবানি। ৬ ফুট ৮ ইঞ্চির এই বোলারের বিষাক্ত পেস এবার কেকেআরের বড় অস্ত্র হতে চলেছে। মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে আসা মুজারবানিকে ‘ব্লেসিং ইন ডিসগাইজ’ বলে অভিহিত করেছেন নায়ার। যদিও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন বা ক্যামেরন গ্রিনদের যোগ দিতে কিছুটা দেরি আছে, তবে স্বদেশি ব্রিগেড নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছেন নাইটরা।
দলে বেশ কিছু বদলও চোখে পড়ছে। হর্ষিত রানার অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন সন্দীপ ওয়ারিয়র। মুম্বই ইন্ডিয়ান্স থেকে আসা সিমরজিৎ সিং এবং উদীয়মান তেজস্বী দাহিয়ার দিকেও নজর থাকবে সমর্থকদের। তবে মাথিশা পাথিরানার চোট কেকেআর শিবিরের জন্য কিছুটা চিন্তার কারণ। তিনবারের চ্যাম্পিয়নরা এবার ট্রফি ফেরাতে কতটা মরিয়া, তার প্রমাণ মিলল প্রথম দিনের শরীরী ভাষাতেই।