ফুটবল বিশ্বের দাপুটে শক্তি ইতালি এবার ক্রিকেটের আঙিনায় ইতিহাস গড়তে পা রেখেছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। চারবারের ফুটবল বিশ্বকাপ জয়ী দেশের ক্রিকেটে প্রথম পদক্ষেপটি কিন্তু সুখকর হলো না। টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক ম্যাচেই মাঠের ড্রামাটিক চোটের শিকার হয়ে ছিটকে গেলেন অধিনায়ক ওয়েন ম্যাডসেন।
সোমবার ক্রিকেটের নন্দনকাননে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইতালি। সকালের শিশির আর উইকেটের সতেজতা কাজে লাগাতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইতালির অধিনায়ক ম্যাডসেন। কিন্তু চতুর্থ ওভারেই ঘটে যায় বিপর্যয়। থোমাস দ্রাকার বলে জর্জ মিউনসির জোরালো পুল শট আটকাতে গিয়ে মিড-অনের ফিল্ডার ম্যাডসেন ডাইভ দেন সরাসরি প্র্যাক্টিস পিচের শক্ত মাটির ওপর। সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় কাতরাতে শুরু করেন তিনি। যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া ম্যাডসেনকে স্লিঙ্গিং ব্যাগে হাত ঝুলিয়ে মাঠ ছাড়তে দেখেন দর্শকরা।
ইতালি শিবির সূত্রে খবর, ম্যাডসেনের কাঁধের হাড় সরে (Dislocation) যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি তাই হয়, তবে শুধু এই ম্যাচ নয়, পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন তিনি। প্রথম ম্যাচেই অধিনায়ককে হারিয়ে ইতালির লড়াকু মানসিকতায় এখন কালো মেঘের ছায়া। অন্যদিকে, বাংলাদেশ শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডও এই ম্যাচে আধিপত্য বিস্তারে মরিয়া। ক্রিকেটে নিজেদের চিনিয়ে দেওয়ার লড়াইয়ে ইতালির এই শুরুটা ট্র্যাজেডি ছাড়া আর কিছুই নয়।