নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার-এইটের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পাকিস্তানকে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আজ মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়া সলমন আলি আঘাদের জন্য কার্যত বাধ্যতামূলক। হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার প্রবল সম্ভাবনা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গত শনিবারের মতো ফের বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে কি না, তা নিয়ে উদ্বেগে ছিল পাক শিবির।
তবে অ্যাকু-ওয়েদারের রিপোর্ট পাকিস্তান ও ক্রিকেট অনুরাগীদের জন্য বড় স্বস্তির খবর বয়ে এনেছে। পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বৃষ্টির সম্ভাবনা মাত্র ২%। তাপমাত্রা থাকবে ২১ থেকে ২৫ ডিগ্রির মধ্যে, যা ক্রিকেটের জন্য আদর্শ। অর্থাৎ, কোনো বিঘ্ন ছাড়াই পুরো ২০ ওভারের লড়াই দেখার আশা করা যাচ্ছে। গত ম্যাচে শ্রীলঙ্কাকে হারানো ইংল্যান্ড দল ছন্দে থাকলেও, দ্বীপরাষ্ট্রের কন্ডিশনে মানিয়ে নেওয়া পাকিস্তান আজ জয়ের জন্য মরিয়া।