২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতিতে উত্তপ্ত ক্রিকেট বিশ্ব। ১৫ ফেব্রুয়ারি হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পাকিস্তান সরকার বয়কটের হুমকি দিলেও, নিজের অবস্থানে অনড় টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। বৃহস্পতিবার বিশ্বকাপের অধিনায়কদের এক অনুষ্ঠানে সূর্য স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতীয় দল কলম্বো যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাফ জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে তাঁরা খেলবেন না। তাঁদের দাবি, খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয় এবং তাঁরা এই ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াতে চান। পিসিবি-ও স্পষ্ট করেছে যে তারা সরকারের নির্দেশই মেনে চলবে। এই ডামাডোলের মধ্যেই সূর্যকুমার যাদব বলেন, “আমাদের মনোভাব স্পষ্ট। আমরা খেলার কথা বলেছি, পাকিস্তানই পিছিয়ে যাচ্ছে। আমাদের বিমানের টিকিট কাটা হয়ে গিয়েছে। আমরা সূচি মেনেই এগোব। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিরুদ্ধে খেলে আমরা কলম্বো যাব।”
আইসিসি-র নিয়ম অনুযায়ী, পাকিস্তান যদি শেষ মুহূর্তে মাঠে না নামে, তবে ভারতকে মাঠে উপস্থিত থাকতে হবে এবং নিয়ম মেনেই ‘ওয়াক-ওভার’ দেওয়া হবে। সে ক্ষেত্রে বিনা লড়াইয়েই ২ পয়েন্ট পেয়ে যাবে ভারত, যা তাঁদের সুপার এইট-এ যাওয়ার পথ প্রশস্ত করবে। পাকিস্তান নিজের সিদ্ধান্তে অনড় থাকলে আদতে লাভ হবে ভারতেরই। এখন দেখার, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাঠে নামে কি না।