আইপিএল ২০২৭-এর মেগা ট্রেড ধামাকা! মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পঞ্জাব কিংসের ডেরায় হার্দিক পাণ্ডিয়া?

আইপিএল ২০২৭-এর রিটেনশন তালিকা জমা দেওয়ার নির্দিষ্ট ডেডলাইন ১৭ই নভেম্বরের যত ঘনিয়ে আসছে, ক্রিকেট মহলে ট্রেড উইন্ডো ঘিরে উত্তেজনার পারদ ততই চড়ছে। সব জল্পনা ছাপিয়ে এখন সংবাদ শিরোনামে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। সূত্রের দাবি, মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংসের মধ্যে একটি নজিরবিহীন মেগা ট্রেড ডিল এখন সাফল্যের দোড়গোড়ায়। সব কাগজপত্রের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ হলে ২০২৭ সালের আইপিএল মরসুমে নীল জার্সি ছেড়ে পঞ্জাব কিংসের লাল ও সোনালি জার্সিতে মাঠ কাঁপাতে পারেন হার্দিক।

এক হাতে যেমন তালি বাজে না, তেমনই মুম্বইয়ের মতো শক্তিশালী ফ্র্যাঞ্চাইজির থেকে হার্দিক পাণ্ডিয়ার মতো ম্যাচ-উইনার অলরাউন্ডারকে ছিনিয়ে নিতে পঞ্জাবকেও বড় মূল্য চোকাতে হচ্ছে। জানা গেছে, হার্দিককে দলে নেওয়ার বিনিময়ে পঞ্জাব কিংস তাদের সেরা পেসার অর্শদীপ সিং এবং প্রতিভাবান উইকেটরক্ষক-ব্যাটার বিষ্ণু বিনোদকে তুলে দেবে মুম্বই ইন্ডিয়ান্সের হাতে। রিটেনশন তালিকার সময়সীমা শেষ হওয়ার আগেই, অর্থাৎ ১৭ই নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজি দুটি এবং আইপিএল গভর্নিং কাউন্সিল যৌথভাবে এই ঐতিহাসিক ট্রেডের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে।

স্পোর্টস্টারের প্রতিবেদন অনুযায়ী, পঞ্জাব কিংস এমন একজন বিশ্বমানের অলরাউন্ডার খুঁজছিল যিনি একা হাতে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। আর সেই চাহিদাপূরণে তাদের প্রথম পছন্দ হয়ে ওঠেন হার্দিক। তবে পঞ্জাব কিংসই একমাত্র দল ছিল না যারা মুম্বইয়ের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল। দৌড়ে ছিল কেকেআর (Kolkata Knight Riders)-সহ মোট তিনটি ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে কেকেআরের সঙ্গে মুম্বই কর্তৃপক্ষের আলোচনা অনেকটাই এগিয়েছিল। তবে শেষ পর্যন্ত বাজি মেরে নেয় পঞ্জাবই। এখন দেখার, হার্দিক হাতছাড়া হওয়ার পর কেকেআর শেষ মুহূর্তে মুম্বইয়ের ডেরা থেকে অন্য কোন হাই-প্রোফাইল তারকাকে ছিনিয়ে নেওয়ার ঘুঁটি সাজায়।