৬৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। বাংলাকে ৬ উইকেটে পরাজিত করে ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর। রঞ্জি ট্রফির ইতিহাসে এই প্রথমবার ফাইনালের টিকিট নিশ্চিত করলেন পরেশ ডোগরা ও আকিব নবিরা। কল্যাণীর মাঠে মহম্মদ শামি এবং আকাশদীপদের লড়াই সত্ত্বেও বাংলার ব্যাটিং বিপর্যয়ই কাল হয়ে দাঁড়াল।
জয়ের জন্য শেষ দিনে জম্মু ও কাশ্মীরের প্রয়োজন ছিল ১২৫ রান, হাতে ছিল ৮ উইকেট। বুধবার সকালে শামি ও আকাশদীপ দ্রুত দুই উইকেট তুলে নিয়ে কিছুটা আশা জাগালেও, তা দীর্ঘস্থায়ী হয়নি। আকিব নবির বিধ্বংসী বোলিংয়ের পর ব্যাটারদের সংযত পারফরম্যান্স কাশ্মীরকে পৌঁছে দেয় স্বপ্নের ফাইনালে। এবারের রঞ্জি মরসুমে অবিশ্বাস্য ফর্মে থাকা আকিব নবি মোট ৫৫টি উইকেট নিয়ে এখন আসরের সেরা নায়ক। বাংলার বিরুদ্ধে একাই ৯ উইকেট তুলে নিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন তিনি।
প্রাথমিক পর্বে ৩৬ পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গে নকআউটে পৌঁছানো বাংলা দল কল্যাণীতে কার্যত মুখ থুবড়ে পড়ল। ব্যক্তিগত নৈপুণ্যে ভর করে সেমিফাইনালে উঠলেও, সেমিফাইনালের মঞ্চে ব্যাটিং ব্যর্থতা ঢাকতে পারলেন না অভিমন্যু ঈশ্বরনরা। সাড়ে তিনদিনেই বাংলাকে নতজানু করে রূপকথার জয় ছিনিয়ে নিল জম্মু ও কাশ্মীর।