গতবারের ব্যর্থতা ঝেড়ে ফেলে এবারের সুপার কাপে ভালো কিছু করে দেখানোর লক্ষ্য ছিল কেরালা ব্লাস্টার্সের। কোচ ডেভিড কাতলার রণনীতিতে ভর করে শুরুটা দুর্দান্ত করেছিল দক্ষিণের এই দল। রাজস্থান ইউনাইটেড এবং স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে সেমিফাইনালের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল তারা। শেষ ম্যাচে পেট্র ক্র্যাটকির দলের বিরুদ্ধে শুধু একটি ড্র প্রয়োজন ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক এক আত্মঘাতী গোলে হার মেনে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো ব্লাস্টার্সকে।
টুর্নামেন্ট থেকে বিদায়ের মাঝেই দলের তারকা বিদেশি থিয়াগো আলভেজের ক্লাব ছাড়া নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ম্যানেজমেন্ট তাঁকে রিলিজ করে দেওয়ার কথা ঘোষণা করতেই হতাশ ভক্তরা। বিদায়বেলায় সমাজমাধ্যমে আবেগঘন বার্তায় থিয়াগো লেখেন, “খুব অল্প সময়ের জন্য এখানে এলেও কেরালা ব্লাস্টার্স সমর্থকদের ভালোবাসা আমি আজীবন মনে রাখব। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বর্তমানে ভারতীয় ফুটবল যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তার কারণেই এই অধ্যায়টি প্রত্যাশার চেয়ে আগেই শেষ হয়ে গেল।” তাঁর এই ‘কঠিন পরিস্থিতি’ মন্তব্য ঘিরেই এখন ফুটবল মহলে শুরু হয়েছে জোর চর্চা।