সিরিজ পকেটে পুরতে নামছে ভারত! গাব্বার মহারণে অজিদের শক্তিশালী রেকর্ড নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়া

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই মুহূর্তে ভারতীয় দল ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জয় পায়। তবে শেষ দুটি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আগামী ৮ নভেম্বর ব্রিসবেনের গাব্বায় সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে দুই দল।

সিরিজে এগিয়ে থাকলেও ব্রিসবেনের গাব্বায় ভারতের টি-টোয়েন্টি রেকর্ড একেবারেই আশানুরূপ নয়। এই মাঠে ভারত এখনও পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ২০১৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে সেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চার রানে হেরেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ১৭৪ রানের লক্ষ্যে নেমে ভারত ৭ উইকেটে ১৬৯ রান তুলেছিল। অস্ট্রেলিয়া এই মাঠে খেলা আটটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে সাতটিতেই জয় ছিনিয়ে নিয়েছে। তাই সিরিজ জিততে গাব্বায় অজিদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ভারতকে।

কুড়ির ফর্ম্যাটে দুই দেশের মুখোমুখি লড়াইয়ে ৩৪টি ম্যাচের মধ্যে ভারত ২০টি ম্যাচে জয়ী হয়ে এগিয়ে রয়েছে, অন্যদিকে অস্ট্রেলিয়া ১২টি ম্যাচে জিতেছে।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারানোর পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত। তিনি এই জয়ের কৃতিত্ব দিয়েছেন দলের ব্যাটারদের, বিশেষ করে অভিষেক শর্মা ও শুভমন গিলের ওপেনিং জুটিকে, যাঁরা ৪০ বলে ৫৬ রানের পার্টনারশিপ গড়েছিলেন।

সূর্যকুমার বলেন, “প্রত্যেক ব্যাটারকে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে অভিষেক শর্মা ও শুভমন গিলকে। যেভাবে ওরা পাওয়ার প্লে-তে খেলা শুরু করেছিল, দারুণ। এটা যে দুশোর বেশি স্কোর করার মতো উইকেট নয়, সেটা ওরা দ্রুত বুঝে গিয়েছিল। প্রত্যেকে অবদান রেখেছে। ব্যাটে এটা একেবারে দলগত সাফল্য।” ওয়ানডে সিরিজে হারের পর এই টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy