ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করা অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করল আইসিসি। ইএসপিএন-ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার একটি ভার্চুয়াল মিটিংয়ে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভারত থেকে ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। এমনকি বিসিবি যদি ভারতে ম্যাচ খেলতে অস্বীকার করে, তবে তারা মূল্যবান পয়েন্ট খোয়াবে—এমন কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে খবর।
২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। সূচি অনুযায়ী, বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় (ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিরুদ্ধে) এবং একটি ম্যাচ মুম্বইয়ে (নেপালের বিরুদ্ধে) অনুষ্ঠিত হওয়ার কথা।
বিসিবি অবশ্য আইসিসি-র দেওয়া কোনো আল্টিমেটামের কথা অস্বীকার করেছে। যদিও আইসিসি বা বিসিবি—কোনো পক্ষই এই ভার্চুয়াল মিটিং নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে রাজনৈতিক বা অন্য কোনো কারণে ভারতে খেলতে না যাওয়ার যে জেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখাচ্ছিল, তাতে এখন বড়সড় ধাক্কা খেল বলেই মনে করছে ক্রিকেট মহল। নিয়ম অনুযায়ী না খেললে পয়েন্ট হারানোর পাশাপাশি বড় শাস্তির মুখেও পড়তে পারে বাংলাদেশ।