টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৬১ রানের লজ্জাজনক হারের পর পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধ শুরু হয়েছে। দলের ব্যর্থতায় ফেটে পড়েছেন প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার। এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি আক্রমণ করেছেন পিসিবি প্রধান মহসিন নকভিকে। শোয়েবের মতে, পাকিস্তান ক্রিকেটের বর্তমান দুর্দশার মূলে রয়েছে অযোগ্য ব্যক্তিদের হাতে বড় দায়িত্ব তুলে দেওয়া।
বাবর আজম, শাহিন আফ্রিদি এবং শাদাব খানের মতো সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে শোয়েব বলেন, “আপনারা এমন লোকেদের সুপারস্টার বানিয়েছেন যারা একটাও বড় ম্যাচ জেতাতে পারে না।” নকভির পরোক্ষ সমালোচনা করে তিনি যোগ করেন, “পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হলো একজন অযোগ্য ব্যক্তিকে বড় দায়িত্ব দেওয়া। এমন মানুষ শুধু সংস্থাকে নয়, দেশকেও ধ্বংস করে দেয়।” উল্লেখ্য, রবিবারের ম্যাচে ভারতের ১৭৫ রানের জবাবে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।