নভি মুম্বাইয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women’s Cricket Team) বিশ্বকাপ জয়ের পর এবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বিশ্বজয়ী বঙ্গকন্যা রিচা ঘোষকে (Richa Ghosh) বিশেষ সংবর্ধনা দিতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। আসন্ন শনিবার, ৮ নভেম্বর এই বর্ণাঢ্য অনুষ্ঠান হওয়ার কথা। প্রথম বঙ্গ ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ জয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন উইকেটকিপার-ব্যাটার রিচা।
বিশ্বজয়ের পর থেকেই চ্যাম্পিয়ন ক্রিকেটারদের পুরস্কৃত করার পালা চলছে। সিএবির তরফে বিশ্বজয়ী এই বঙ্গকন্যাকে বিশেষ উপহার হিসেবে সোনার পাতে মোড়ানো ব্যাট ও বল দেওয়া হবে। টুর্নামেন্টজুড়ে, বিশেষ করে ফাইনালে তাঁর অনবদ্য পারফরম্যান্স ভারতকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তুলেছিল। ফাইনালে তাঁর ২৪ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস ওমেন ইন ব্লুকে ৩০০ রানের কাছাকাছি পৌঁছতে সাহায্য করেছিল। এই বিশ্বকাপে তিনি রেকর্ড ১৩৩.৫২ স্ট্রাইক রেটে ২৩৫ রান করেন।
ভারতীয় ক্রিকেটে তাঁর এই অবদানের স্বীকৃতি স্বরূপ, ২১ বছর বয়সী তরুণী কিপার-ব্যাটারকে সম্মান জানাতে চলেছে সিএবি। রিচার হাতে তুলে দেওয়া ব্যাটে থাকবে প্রাক্তন ভারতীয় অধিনায়কদ্বয় তথা বাংলার দুই কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) স্বাক্ষর।
এই প্রসঙ্গে সৌরভ বলেন, “বিশ্বস্তরে রিচা দুরন্ত লড়াকু মানসিকতা, প্রতিভা এবং ঠান্ডা মাথার পরিচয় দিয়েছে। ওকে এই ব্যাট ও বল দেওয়াটা ওর অবদানের প্রতি সামান্য সম্মান জানানো মাত্র। ও বাংলা তথা দেশের তরুণ প্রতিভাদের জন্য একজন আদর্শ।” সৌরভ আরও জানান, এই পুরস্কার কেবল রিচার কৃতিত্ব উদযাপন নয়, বরং বাংলার তরুণ ক্রিকেটারদের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করার একটি প্রচেষ্টা, যাতে তারা বিশ্বাস করে যে বাংলা থেকেও বিশ্বসেরা হওয়া সম্ভব। সিএবির বিবৃতিতে বলা হয়েছে, এই সম্মাননা মহিলা ক্রিকেট এবং তরুণ প্রজন্মের উন্নতিতে বোর্ডের দায়বদ্ধতার একটি ছোট্ট নিদর্শন মাত্র।