টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ নিয়ে ঘনীভূত হচ্ছে কালো মেঘ। ভারতের বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় অবস্থান স্পষ্ট করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার ইসলামাবাদে ফেডেরাল ক্যাবিনেটে তিনি সাফ জানান, পাকিস্তান সরকার অত্যন্ত সচেতনভাবে এবং সুচিন্তিত আলোচনার মাধ্যমেই এই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনার সূত্রপাত বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে কেন্দ্র করে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে ভেন্যু ও গ্রুপ পরিবর্তনের দাবি জানিয়েছিল। সেই দাবি মানা না হওয়ায় বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পথে হাঁটে। পড়শি দেশের পাশে দাঁড়িয়ে এবার ভারত ম্যাচ বয়কটের কথা ঘোষণা করল পাকিস্তানও। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কথায়, “খেলাধুলোয় রাজনীতিকরণ করা মোটেই উচিত নয়, এবং আমাদের অবস্থান এক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট।”
এদিকে আইসিসি পাকিস্তান সরকারের এই ‘নির্বাচিত ম্যাচ বয়কটের’ সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, সদস্য দেশগুলির সূচি মেনে সমান শর্তে খেলা উচিত। আইসিসি-র মতে, এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী হাজারো ক্রিকেট অনুরাগীর আবেগে আঘাত হানবে। তবে আইসিসি-র হুঁশিয়ারি সত্ত্বেও পাকিস্তান যে তাদের অবস্থান থেকে সরছে না, তা প্রধানমন্ত্রীর বক্তব্যেই প্রমাণিত। ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারত-পাক মহারণ আদৌ হবে কি না, তা নিয়ে এখন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।