টি-২০ বিশ্বকাপ শুরুর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারত কি পারবে ফের ট্রফি ধরে রাখতে? বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মনে যখন এই প্রশ্ন, তখন মুখ খুললেন ভারতের প্রথম টি-২০ বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর মতে, সূর্যকুমার যাদবের এই টিম ইন্ডিয়া বর্তমান বিশ্বের অন্যতম ‘ভয়ংকর’ দল। তবে ভারতের জয়রথের সামনে একটি বিশেষ ‘কাঁটা’র কথা উল্লেখ করে সর্তক করেছেন মাহি।
কেন ভারতকে ভয়ংকর বলছেন ধোনি? হায়দরাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ধোনি সাফ জানান, এই দলের প্রতিটি ক্রিকেটারের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং তারা চরম চাপ সামলে ম্যাচ জেতাতে অভ্যস্ত। ধোনির কথায়, “টি-২০ ফরম্যাটে জয়ের জন্য যা যা রসদ প্রয়োজন, এই ভারতীয় দলের সব আছে। প্রত্যেকে নিজের ভূমিকা সম্পর্কে সচেতন।” তবে এর পরেই ধোনি তাঁর সেই উদ্বেগের কথা জানান, যা ভারতের বিশ্বজয়ে বাধা হতে পারে।
মাহি-র উদ্বেগের কারণ কী? ধোনির সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো ‘শিশির’ বা ‘ডিউ ফ্যাক্টর’। তিনি বলেন, “আমি এই বিষয়টাকে চরম অপছন্দ করি। শিশির পুরো ম্যাচের সমীকরণ বদলে দেয়। টস তখন জেতা-হারার মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়।” এছাড়া টি-২০ ক্রিকেটের অনিশ্চয়তা নিয়েও সাবধান করেছেন তিনি। তাঁর মতে, নকআউট ম্যাচে বিপক্ষের কোনো একজন ক্রিকেটার জ্বলে উঠলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তবে চোট-আঘাত এড়িয়ে ভারত যদি স্বাভাবিক ছন্দ বজায় রাখতে পারে, তবে ট্রফি ধরে রাখার প্রবল দাবিদার টিম ইন্ডিয়াই। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।