পাক ক্রিকেটে কার্যত ভূমিকম্প! দীর্ঘদিনের জল্পনা আর সমর্থকদের ক্ষোভের পর অবশেষে বড় পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ভারতের বিরুদ্ধে বারবার ব্যর্থ হওয়া এবং টিমের জঘন্য পারফরম্যান্সের জেরে বিশ্বকাপ দল থেকে ছেঁটে ফেলা হল বাবর আজমকে। একসময় যাঁকে ‘পাকিস্তানের বিরাট কোহলি’ বলে প্রচার করা হতো, আজ তাঁর কেরিয়ারই বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। পরিসংখ্যান বলছে, ঘরোয়া লিগ বা দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে বাবর ‘শের’ হলেও, ভারতের মতো শক্তিশালী দলের সামনে এলেই তাঁর ব্যাটে যেন মরচে পড়ে যায়।
সাম্প্রতিক হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের বিরুদ্ধে বাবরের অসহায় আত্মসমর্পণ পাক সমর্থকদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিল। অধিনায়কত্ব যাওয়ার পর ব্যাটার হিসেবেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তিনি। পিসিবি-র এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “দলে আর কোনো অটোমেটিক চয়েস নেই। যারা পারফর্ম করবে না, তাদের জায়গা হবে না।” বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাবরের মতো সিনিয়র ক্রিকেটারের বাদ পড়া ক্রিকেট বিশ্বে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেক বিশেষজ্ঞই মনে করছেন, ভারতের সামনে ‘জিরো’ হয়ে যাওয়ার তকমা আর গত কয়েক বছরের ধারাবাহিক অফ-ফর্মই বাবরের কেরিয়ারের কফিনে শেষ পেরেক পুঁতে দিল। এই সিদ্ধান্তের পর বাবর আদৌ আর কামব্যাক করতে পারবেন কি না, সেটাই এখন দেখার।