১৭ বছরের খরা কাটিয়ে গতবারই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। কিন্তু সাফল্যের শিখরে পৌঁছানোর পরেই বিরাট কোহলিদের দলে বড়সড় রদবদলের ইঙ্গিত। বর্তমান মালিকানাধীন সংস্থা ডিয়াজিও (Diageo) আরসিবি-র মালিকানা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর ট্রফি জয়ের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে উৎসবে মেতে ১১ জন সমর্থকের মৃত্যুর হৃদয়বিদারক ঘটনাই এই মালিকানা বদলের মূল অনুঘটক হিসেবে কাজ করছে বলে মনে করা হচ্ছে। সংস্থাটি মনে করছে, ওই দুর্ঘটনা ব্র্যান্ড ভ্যালুর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
বর্তমানে আরসিবি-র বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ২ বিলিয়ন আমেরিকান ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,০০০ কোটি টাকা (সংশোধিত)। সিটি গ্রুপকে এই বিক্রয় প্রক্রিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। সম্ভাব্য ক্রেতাদের কাছে ইতিমধ্যেই কনফিডেন্সিয়াল ইনফরমেশন মেমোরেন্ডাম (CIM) পাঠানো শুরু হয়েছে। লগ্নিকারীদের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন সিরাম ইনস্টিটিউটের আদর পুনাওয়ালা। তবে সবচেয়ে বড় চমক হিসেবে উঠে আসছে বিরাট-পত্নী অনুষ্কা শর্মা এবং বলিউড তারকা রণবীর কাপুরের নাম। আগামী ২৬ মার্চ আইপিএল শুরু হওয়ার আগেই এই মালিকানা বদলের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় ডিয়াজিও। ট্রফি জয় এবং বিরাট কোহলির মতো মেগাস্টারের উপস্থিতি এই দলের দর আকাশছোঁয়া করে তুলেছে।