পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিয়ে তোপের মুখে কাব্য মারান! সাসপেন্ড হলো সানরাইজার্স লিডস-এর এক্স অ্যাকাউন্ট

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের নিলামে পাকিস্তানি স্পিনার আব্রার আহমেদকে ২ কোটি ৩৪ লক্ষ টাকায় দলে নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারান। আব্রার আহমেদের অতীতে ভারতীয় সেনা এবং ক্রিকেটারদের প্রতি বিদ্বেষমূলক আচরণের অভিযোগ থাকায়, ক্রিকেট ভক্তদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিকে আইপিএলে বয়কট করার ডাক উঠেছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার থেকে সানরাইজার্স লিডস-এর অফিসিয়াল ‘এক্স’ (X) হ্যান্ডলটি সাসপেন্ড হয়ে গেছে। যদিও এক্স কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো কারণ দর্শায়নি, তবে অনেকের ধারণা, নেটিজেনদের লাগাতার রিপোর্ট এবং বিতর্কের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে এশিয়া কাপে শুভমান গিলের সাথে মাঠের ভিতর অখেলোয়াড়োচিত আচরণ এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট করার অভিযোগ রয়েছে আব্রারের বিরুদ্ধে।

নিলামের টেবিলে কাব্য মারান এবং প্রধান কোচ ড্যানিয়েল ভেত্তোরির উপস্থিতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা আইপিএল সমর্থকদের কাছে একেবারেই গ্রহণযোগ্য হয়নি। বহু নেটিজেন প্রশ্ন তুলেছেন, আইপিএলে যে ফ্র্যাঞ্চাইজি ভারতীয় ক্রিকেটের সাথে যুক্ত, তারা কীভাবে এমন একজন খেলোয়াড়কে দলে নিতে পারেন যিনি ভারতীয় সেনাকে অসম্মান করেছেন। এই ঘটনা ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy