টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের ইনিংস নিয়ে যখন চারদিকে ধন্য ধন্য পড়ে গিয়েছে, ঠিক তখনই উল্টো সুর গাইলেন কোচ গৌতম গম্ভীর। তিনি সাফ জানিয়েছেন, তাঁর কাছে সঞ্জুর ৯৭ রানের চেয়েও শিবম দুবের মারা শেষ ওভারের দুটি বাউন্ডারি (৪ বলে ৮ রান) সমান গুরুত্বপূর্ণ। এই মন্তব্যের আড়ালে গম্ভীর আসলে নাম না করে ভারতীয় দলের দুই প্রাক্তন মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি-র সময়ে চলা ‘তারকা পূজা’র সমালোচনা করেছেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
গম্ভীরের মতে, ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরে শুধু নির্দিষ্ট কিছু ক্রিকেটারের পারফরম্যান্স নিয়েই বেশি চর্চা হয়েছে, যার ফলে ছোট অথচ গুরুত্বপূর্ণ অবদানগুলো ঢাকা পড়ে যেত। তিনি বলেন, “ক্রিকেট একটি দলগত খেলা। এখানে বড় ইনিংস যেমন শিরোনাম হয়, তেমনই দলের জয়ে ছোট অবদানও ততটাই জরুরি। যত দিন আমি কোচ থাকব, এই ধারাটাই চলবে।” কারো নাম না নিলেও গম্ভীরের লক্ষ্য যে পুরনো ‘সুপারস্টার কালচার’ ভাঙা, তা তাঁর কঠোর অবস্থান থেকেই স্পষ্ট।