টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৬১ রানের বিশাল জয় স্রেফ একটি জয় নয়, বরং ভারতীয় দলের অদম্য আধিপত্যের প্রমাণ। ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে মাঠের বাইরে যতই উত্তেজনার পারদ চড়ুক না কেন, ভারতীয় শিবির যে সেসবের ধার ধারে না, তা ম্যাচের পরেই স্পষ্ট করে দিলেন সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল। অক্ষরের সাফ কথা, “আমরা ওদের রাইভ্যাল হিসেবে দেখি না। আমাদের কাছে ওরা অন্য প্রতিপক্ষের মতোই একটা সাধারণ দল।”
ম্যাচের ভিত গড়ে দিয়েছিলেন ওপেনার ইশান কিষাণ। কঠিন পিচে ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি বুঝিয়ে দেন কেন তিনি এই মুহূর্তে দলের অন্যতম সেরা সম্পদ। তাঁর সঙ্গে সূর্যকুমার যাদব, শিবম দুবে ও রিঙ্কু সিংয়ের ছোট কিন্তু কার্যকর ইনিংসগুলির সৌজন্যে ভারত ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর খাড়া করে। ইশানের প্রশংসা করে অক্ষর বলেন, “পিচ সহজ ছিল না, কিন্তু ইশান মাঠের চারদিকে শট খেলে প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছে।”
বোলিংয়েও ছিল নিখুঁত পরিকল্পনা। তিন স্পিনার খেলানোর কৌশল কাজে লেগে যায় হাতেনাতে। অক্ষর, হার্দিক, বুমরাহ এবং বরুণ চক্রবর্তীর সাঁড়াশি আক্রমণে মাত্র ১১৪ রানেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। উসমান খানের ৪৪ রান বাদে কেউ রুখে দাঁড়াতে পারেনি। এই জয়ের ফলে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের রেকর্ড দাঁড়াল ৮-১। টানা তিন জয়ে সুপার এইটে জায়গা পাকা করে নিলেন ইশান-সূর্যরা।