এশিয়া কাপ ট্রফি না পেয়ে ক্ষুব্ধ ভারত, পিসিবি প্রধান নকভির একাধিক ভূমিকা নিয়ে আইসিসি-তে সরব হচ্ছে বিসিসিআই

এশিয়া কাপ ট্রফি হস্তান্তর ঘিরে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) মধ্যে চরম চাপানউতোর অব্যাহত। এখনও পর্যন্ত এশিয়া কাপ ট্রফি হাতে না পাওয়ায় ভারতীয় দল, বিষয়টি চলমান আইসিসি (ICC) বৈঠকে তুলেছে বিসিসিআই। শুধু তাই নয়, পিসিবি প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরব হওয়ার পরিকল্পনা করছে ভারতীয় বোর্ড।

‘টেলিকম এশিয়া স্পোর্ট’-এর রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই ইতিমধ্যেই নকভির বিরুদ্ধে অভিযোগের তালিকা তৈরি করেছে। বিসিসিআই প্রশ্ন তুলবে যে, মহসিন নকভি একইসঙ্গে পিসিবি প্রধান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান এবং পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রী—এই তিনটি ভিন্ন ও গুরুত্বপূর্ণ ভূমিকা একসঙ্গে পালন করার জন্য উপযুক্ত কি না। বিসিসিআই মনে করছে, একইসাথে এতগুলি পদে থাকা আইসিসির নিয়ম লঙ্ঘন করতে পারে। জানা যাচ্ছে, এই বিষয়ে বিসিসিআই আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও (ACB) পাশে পেতে পারে।

এই গোটা ঘটনার সূত্রপাত এশিয়া কাপের ট্রফি হস্তান্তর ঘিরে। ভারত-বিরোধী মন্তব্য করার কারণে টিম ইন্ডিয়া এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকেই এই নাটক অব্যাহত। বিসিসিআই ট্রফি তুলে দেওয়ার জন্য নকভিকে একাধিকবার চিঠি লিখলেও, নকভি নিজের দাবিতে অনড়। তাঁর দাবি, ভারতীয় দলকে ট্রফি নিতে হলে অনুষ্ঠান করে তাঁর হাত থেকেই নিতে হবে। এই জটিলতার কোনো সমাধান না হওয়ায় বিসিসিআই বিষয়টি আইসিসির চলতি বৈঠকে তুলেছে।

সূত্রের খবর, বিসিসিআই অভিযোগ জানাতে পারে ভেবে মহসিন নকভিও আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন। তবে তিনি যদি আইসিসির সভায় উপস্থিত থাকেন, তাহলে তিনি বিসিসিআইয়ের অভিযোগের জবাব দেবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy