বাইশ গজে এক সময় দাপিয়ে বেড়িয়েছেন দুজনেই। এবার সেই পুরনো প্রতিদ্বন্দ্বী তথা ক্রিকেট দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেটের ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরে পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান বর্তমানে গুরুতর অসুস্থ। তাঁর একটি চোখ নাকি ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাতে বসেছে— এমন চাঞ্চল্যকর দাবি ওঠার পর এবার তাঁর সঠিক চিকিৎসার দাবিতে সুর চড়ালেন সৌরভ।
এর আগে সুনীল গাওস্কর, কপিল দেবের মতো কিংবদন্তি ক্রিকেটাররা ইমরানের শারীরিক অবস্থা নিয়ে সরব হয়েছিলেন। ১৮ ফেব্রুয়ারি সেই একই পথে হেঁটে সৌরভ গঙ্গোপাধ্যায়ও ইমরান খানের মানবিক অধিকার এবং সুচিকিৎসার আবেদন জানালেন। সৌরভের মতে, রাজনীতি এবং আইনি লড়াই যে পথেই চলুক না কেন, একজন বিশ্ববরেণ্য ক্রীড়াবিদ হিসেবে ইমরানের যথাযথ চিকিৎসা পাওয়া উচিত। সূত্রের খবর, কারাগারে উপযুক্ত চিকিৎসা পরিকাঠামোর অভাবে তাঁর চোখের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে।
সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “ইমরান খান ক্রিকেট বিশ্বের এক নক্ষত্র। তাঁর শারীরিক অসুস্থতার খবর উদ্বেগজনক। আমি আশা করব মানবিকতার খাতিরে পাকিস্তান সরকার তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করবে।” গাওস্কর-কপিলদের পর সৌরভের এই সমর্থন আন্তর্জাতিক স্তরে ইমরান খানের ওপর হওয়া অবিচারের বিরুদ্ধে জনমতকে আরও জোরালো করল। এখন দেখার, ক্রিকেটীয় ব্যক্তিত্বদের এই গণ-আবেদনে সাড়া দিয়ে পাকিস্তান প্রশাসন কোনো ইতিবাচক পদক্ষেপ নেয় কি না।