মাত্র আট দিনের মাথায় বড় সিদ্ধান্ত বদল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেলার জেদ ছেড়ে অবশেষে সবুজ সংকেত দিল পাকিস্তান সরকার। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) দিয়ে একটি অনুরোধের চিঠি লিখিয়েছিলেন, যাতে মানরক্ষা করে তাঁরা সিদ্ধান্ত বদলাতে পারেন। সোমবার রাতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুমোদনের পর সরকারিভাবে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর মাটিতে ভারতের মুখোমুখি হবে বাবর আজমরা।
এদিকে ম্যাচ নিশ্চিত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আকাশছোঁয়া হয়েছে বিমানের টিকিটের দাম। ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার সুযোগ নিতে শুরু করেছে বিমান সংস্থাগুলি। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর রিপোর্ট অনুযায়ী, মুম্বই থেকে কলম্বো যাওয়ার রাউন্ড-ট্রিপ ভাড়ায় একধাক্কায় ১০,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই সফরের টিকিটের দাম পৌঁছেছে প্রায় ৬০,০০০ টাকায়। ভারত-পাক দ্বৈরথ চাক্ষুষ করতে মুখিয়ে থাকা দর্শকদের পকেটে এই টিকিটের দাম বড়সড় ধাক্কা দিতে চলেছে।