রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর মোড়। শুক্রবারের পর মঙ্গলবার ফের এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এক নজিরবিহীন প্রস্তাব দিলেন। রাজ্যের প্রায় ৮০ লক্ষ তথ্যের অসঙ্গতি ও ৫০ লক্ষ দাবি যাচাইয়ের বিশাল পাহাড় প্রমাণ কাজ সম্পন্ন করতে এবার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশার অবসরপ্রাপ্ত বিচারকদের সাহায্য নিতে চাইছে শীর্ষ আদালত।
কলকাতা হাইকোর্টের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পর্যাপ্ত কর্মীর অভাব রয়েছে। প্রতিদিন ২৫০টি করে কেস নিষ্পত্তি করলেও এই প্রক্রিয়া শেষ করতে অন্তত ৮০ দিন সময় লাগবে। এমতাবস্থায় বিচারিক কাজের গতি বাড়াতে ভিনরাজ্যের বিচারকদের অন্তর্ভুক্ত করার কথা বলেন প্রধান বিচারপতি। যদিও রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাষার সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন, তার উত্তরে প্রধান বিচারপতি জানান, “প্রতিবেশী রাজ্যের বিচারকদের সঙ্গে সাংস্কৃতিক যোগসূত্র থাকে, এছাড়া আমাদের কাছে অন্য কোনো বিকল্প নেই।” নির্বাচন কমিশন জানিয়েছে, ২৮ তারিখ মূল তালিকা প্রকাশের পর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকায় নাম তোলার সুযোগ থাকবে।