৭২ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৫ ডিগ্রি নামল তাপমাত্রা! চৈত্র সেল শুরুর আগেই বৃষ্টির হ্যাটট্রিক?

গতকালের মরশুমের প্রথম কালবৈশাখীর দাপটে ভোল বদলে গেল কলকাতার আবহাওয়ার। আলিপুরে ঘণ্টায় ৭২ কিমি বেগে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়া আর বৃষ্টির জেরে ঝুপ করে নামল তাপমাত্রা। গত ১৮ দিন পর কলকাতার পারদ ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে ১৮.৪ ডিগ্রিতে এসে দাঁড়িয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৫.২ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চৈত্রের প্রথম সপ্তাহে প্রবল গরমের দাপট এখনই দেখা যাবে না। মঙ্গলবারও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া-সহ একাধিক জেলায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

আগামী ২৩ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও শুক্র ও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আপাতত রোদের তেজের বদলে বৃষ্টির ফুরফুরে আমেজেই দিন কাটবে সাধারণ মানুষের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy