৬ বার গুলি, তারপর বাইক ছিনতাই করে চম্পট! হাওড়ার প্রোমোটার খুনে হাড়হিম করা সিসিটিভি ফুটেজ!

হাওড়ায় প্রোমোটার সফিক খান হত্যাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঘাতকরা কতটা নৃশংসভাবে পরিকল্পনা সেরেছিল। ফুটেজ অনুযায়ী, সফিক যখন রাস্তার ধারে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিলেন, ঠিক তখনই পিছন থেকে এসে প্রথম গুলিটি চালায় রোহিত হোসেন। সফিক মাটিতে লুটিয়ে পড়লে তাঁর মৃত্যু নিশ্চিত করতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফের গুলি চালায় হারুন খান। মোট ৬ বার গুলি চালিয়ে এলাকা ছাড়ে আততায়ীরা।

খুনের পর পালানোর ছকটিও ছিল সিনেমার মতো। সিসিটিভি দেখাচ্ছে, গুলি চালিয়েই হারুন ও রোহিত একটি গলির ভিতর দিয়ে দৌড় দেয়। এরপর একটি বাইক থামানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। কিছুটা এগিয়ে অন্য একটি বাইক থামিয়ে তাতে চড়ে বসেন দু’জন। হাওড়ার অলিগলি পেরিয়ে জিটি রোডের কাছে এসে তারা একটি ট্যাক্সি ধরে সোজা চলে যায় কলকাতার জোড়াসাঁকো এলাকায়। পুলিশ সূত্রে খবর, সেখানেই প্রথম গা ঢাকা দিয়েছিল তারা।

এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে একজনকে জোড়াসাঁকো থেকেই ধরা হয়েছে। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। তবে মূল দুই শুটার হারুন খান এবং রোহিত হোসেন এখনও অধরা। জোড়াসাঁকোর পর তারা আর কোথায় ডেরা বদলেছে, তা জানতে তল্লাশি চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ। গোটা এলাকায় বর্তমানে পুলিশি টহল জারি রয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy