কেন্দ্রীয় বাজেট ২০২৬-কে ‘ফ্যাকলেস, বেসলেস এবং ভিশনলেস’ (মুখহীন, ভিত্তিহীন ও লক্ষ্যহীন) বলে অভিহিত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বাজেট পেশের পর তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান, অর্থমন্ত্রীর ৮৫ মিনিটের (৫১০০ সেকেন্ড) দীর্ঘ ভাষণে একবারের জন্যও ‘পশ্চিমবঙ্গ’ শব্দটি উচ্চারিত হয়নি। অভিষেকের প্রশ্ন, “প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কি বাংলার ১০ কোটি মানুষকে বাংলাদেশি মনে করেন? তাই কি বাজেটে বাংলার জন্য কোনো বরাদ্দ নেই?”
শিল্প ও কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়ে অভিষেক বলেন, সরকার এআই (AI) বা স্কিল ইন্ডিয়ার কথা বললেও যুবকদের চাকরির কোনো নিশ্চিত রোডম্যাপ এই বাজেটে নেই। তাঁর দাবি, শিল্প করিডর বা পরিকাঠামো নিয়ে যেটুকু বলা হয়েছে, তা আসলে ‘পুরনো কাসুন্দি’। বাংলার কৃষক, শ্রমিক বা মৎস্যজীবীদের জন্য কোনো আর্থিক নিরাপত্তার দিশা এই বাজেটে নেই বলে তিনি তোপ দাগেন। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ২০২১-এর হারের প্রতিশোধ নিতেই বাংলাকে এভাবে ভাতে মারার চেষ্টা করছে বিজেপি।