আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তবে এবারের ভোটার তালিকা প্রস্তুতি বা ‘স্পেশাল ইনটেন্সিভ রিভিশন’ (SIR) ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল, তা নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর ছবিটা কিছুটা স্পষ্ট হয়েছে। জানা গিয়েছে, প্রকাশিতব্য তালিকায় মূল ৩টি ভাগ থাকবে—অনুমোদনপ্রাপ্ত বা অ্যাপ্রুভড (Approved), অমীমাংসিত বা নিষ্পত্তি হয়নি এমন ভোটার (Pending/Undecided) এবং ডিলিটেড (Deleted) বা বাদ পড়া ভোটার।
তালিকায় সব ভোটারের নাম থাকলেও ‘ডিলিটেড’ ক্যাটাগরিতে রাখা হচ্ছে সেই সব নাম, যাঁরা ইতিমধ্যে মারা গিয়েছেন অথবা স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল, যা শুনানির পর বেড়ে ৭০ থেকে ৭৩ লক্ষ হতে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে, প্রায় ৮ লক্ষ ভোটারকে ‘অমীমাংসিত’ তালিকায় রাখা হতে পারে যাদের নথিপত্র বা তথ্য নিয়ে এখনও জটিলতা রয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২৮ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও এই অমীমাংসিত ভোটারদের ভাগ্য ঝুলে থাকবে না। স্ক্রিনিং শেষ হওয়ার পর তাঁদের জন্য ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে এবং তাঁরাও নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ফলে তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় থাকা লক্ষ লক্ষ মানুষের দুশ্চিন্তা কিছুটা হলেও কমেছে।