২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নিউ টাউনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ প্রথম সারির নেতাদের উপস্থিতিতে বিজেপির ‘সংকল্প পত্র’ প্রকাশ করলেন তিনি। সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালকে তীব্র আক্রমণ করে শাহ বলেন, “গত ১৫ বছর বাংলার মানুষের কাছে কালরাত্রি হয়ে দাঁড়িয়েছে। মানুষ পরিবর্তনের আশায় বাম অপশাসন সরিয়ে যাঁকে সুযোগ দিয়েছিল, তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি।”
বিজেপির এই সংকল্প পত্রে একগুচ্ছ জনমোহিনী ও কড়া প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। অমিত শাহ স্পষ্ট জানান, রাজ্যে ক্ষমতায় এলে গরু পাচার সম্পূর্ণ বন্ধ করা হবে এবং দেশের বাইরে একটি গোমাতাও যেতে দেওয়া হবে না। স্বাস্থ্যক্ষেত্রে বড় চমক হিসেবে ক্যানসার স্ক্রিনিং বিনামূল্যে করা এবং প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বেকারত্ব ঘোচাতে ক্ষুদ্র শিল্পের প্রসারে জোর দেওয়ার কথা বলেন তিনি।
আইনশৃঙ্খলা ইস্যুতে শাহের ঘোষণা, তৃণমূলের জমানায় হওয়া ‘সন্ত্রাস’ ও দুর্নীতি নিয়ে তিনটি পৃথক শ্বেতপত্র প্রকাশ করা হবে এবং সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে তদন্ত করানো হবে। পাশাপাশি, সারা দেশে ‘এক দেশ এক আইন’ চালুর লক্ষ্যে বিজেপি যে অবিচল, তাও মনে করিয়ে দেন তিনি। মহিলাদের জন্য আত্মরক্ষার বিশেষ প্রশিক্ষণ ও সুরক্ষার বার্তা দিয়ে শাহ বুঝিয়ে দিলেন, ২০২৬-এর লড়াইয়ে বিজেপি কোনো জমি ছাড়তে নারাজ।





