তামিলনাড়ুর রাজধানী চেন্নাই সহ তিরুভাল্লুর এবং রানি পেট জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করে কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (IMD)। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি শক্তিশালী সিস্টেমের প্রভাবে ২৭ অক্টোবর ২৪ ঘণ্টার মধ্যে ১২ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। এই সিস্টেমটিই ঘূর্ণিঝড় ‘মনথা’-তে পরিণত হবে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এই নিম্নচাপ এলাকাটি আজ (২৫ অক্টোবর) গভীর নিম্নচাপে এবং ২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে ‘মনথা’-তে রূপান্তরিত হবে, যার বাতাসের গতি থাকবে ৬৫-৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। থাইল্যান্ডের দেওয়া এই ঘূর্ণিঝড়ের নামের অর্থ হল ‘সুগন্ধি ফুল’। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং ওডিশায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
চেন্নাইয়ের ভাগ্য নির্ভর করছে গতিপথের ওপর
আইএমডি যদিও worst-case scenario-র জন্য প্রস্তুত, তবে চেন্নাইয়ে বৃষ্টির তীব্রতা পুরোপুরি নির্ভর করছে ঘূর্ণিঝড়টির চূড়ান্ত গতিপথের ওপর। স্বাধীন আবহাওয়াবিদ প্রদীপ জন এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সামনে এনেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, যদি এই সিস্টেমটি তামিলনাড়ু উপকূল থেকে সরে গিয়ে অন্ধ্রপ্রদেশের দিকে উত্তরমুখী হয়, তাহলে চেন্নাইয়ে শুধু মাঝারি বৃষ্টি হতে পারে, যা কমলা সতর্কতা অনুযায়ী পূর্বাভাস দেওয়া অতিবৃষ্টির চেয়ে অনেক কম।
আজ (২৫ অক্টোবর) কুড্ডালোর, ভিল্লুপুরম, চেঙ্গালপট্টু এবং পুদুচেরিতে বৃষ্টি শুরু হবে। এরপর ২৬ অক্টোবর থেকে তা চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং রানি পেট-এর দিকে ছড়িয়ে পড়বে। ২৭ অক্টোবর কমলা সতর্কতা জারি হওয়া জেলাগুলিতে বৃষ্টির চরম তীব্রতা দেখা যাবে।





