২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমনে বড় পদক্ষেপ নবান্নের। সম্প্রতি অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠনের ঘোষণা করেছেন। ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ৩১শে ডিসেম্বর ২০২৫-এ শেষ হওয়ায়, তাত্ত্বিকভাবে নতুন এই কমিশন ১লা জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার পথে। এর ফলে কর্মীদের মূল বেতন বা বেসিক পে-তে বড়সড় লাফ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে, ডিএ (DA) নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে চাপে রাজ্য সরকার। আদালত স্পষ্ট জানিয়েছে, ডিএ কর্মীদের আইনি অধিকার এবং রাজ্যকে মডেল এমপ্লয়ার হিসেবে কাজ করতে হবে। আদালতের নির্দেশে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ আগামী ৩১শে মার্চের মধ্যে মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। বর্তমানে রাজ্যের দেওয়া বর্ধিত ৪% ডিএ মিলিয়ে মোট মহার্ঘ ভাতা দাঁড়িয়েছে ২২ শতাংশে। যদিও কেন্দ্রীয় সরকারের ৫৮% ডিএ-র তুলনায় এই ব্যবধান এখনও বিশাল। তবে নতুন পে কমিশন চালু হলে বেতন কাঠামোয় আমূল বদল আসবে, যার সুবিধা পাবেন প্রায় ১০ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগী।