বিশ্বের অন্যতম বৃহত্তম ব্যাংকিং সংস্থা এইচএসবিসি (HSBC) এক বিশাল কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। ব্লুমবার্গের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ব্যাংকের নতুন সিইও জর্জেস এলহেডারি (Georges Elhedery) খরচ কমাতে এবং কার্যক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের ওপর জোর দিচ্ছেন। আর এর জেরেই ব্যাংকের প্রায় ১০ শতাংশ বা ২০,০০০ কর্মীকে তাঁদের চাকরি হারাতে হতে পারে।
মূলত মিডল এবং ব্যাক-অফিস অর্থাৎ যে কাজগুলো গ্রাহকদের সরাসরি সংস্পর্শে না থেকেও করা যায়, সেই বিভাগগুলোতেই এই ছাঁটাইয়ের প্রভাব সবথেকে বেশি পড়বে। ২০২৫ সালের শেষ পর্যন্ত বিশ্বজুড়ে এইচএসবিসি-র প্রায় ২ লক্ষ ১০ হাজার কর্মী ছিল। তবে ২০২৬-এর শুরুতেই এই বিশাল ছাঁটাইয়ের গুঞ্জন কর্মীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এটি গত কয়েক বছরের মধ্যে ব্যাংকিং সেক্টরের অন্যতম বড় কর্মী ছাঁটাই হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, শুধু এইচএসবিসি নয়, আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে সারা বিশ্বের ব্যাংকিং ক্ষেত্র থেকে প্রায় ২ লক্ষ মানুষের চাকরি যেতে পারে AI-এর কারণে। এইচএসবিসি-র ক্ষেত্রে এই ছাঁটাই প্রক্রিয়াটি ধাপে ধাপে আগামী কয়েক বছরে সম্পন্ন হতে পারে। সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো চূড়ান্ত তালিকা প্রকাশ করা না হলেও, ব্যাংকের শীর্ষ কর্তাদের বক্তব্যে খরচ কমানোর যে ইঙ্গিত মিলেছে, তাতে সিঁদুরে মেঘ দেখছেন কর্মীরা।