২ মার্চই কি বাংলায় ভোটের বাদ্যি? ৩ দফায় হতে পারে বিধানসভা নির্বাচন!

বাংলার বিধানসভা নির্বাচন ২০২৬-এর দামামা বাজতে আর মাত্র কয়েক দিন বাকি। এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছতেই জল্পনা শুরু হয়েছে ভোটের নির্ঘণ্ট নিয়ে। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, আগামী ২ মার্চই রাজ্যে নির্বাচনী আচরণবিধি জারি হতে পারে। সব মিলিয়ে এবারে তিন দফাতেই সারা হতে পারে বাংলার মহাযুদ্ধ। রাজ্য নির্বাচন কমিশন এক দফায় ভোট করাতে প্রস্তুত থাকলেও, জাতীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত এখন বাহিনী মোতায়েনের ওপর নির্ভর করছে।

সূত্রের খবর, উত্তরবঙ্গের ৮টি জেলায় এক দফাতেই ভোট প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের ভোট হতে পারে দুই দফায়। প্রথম ভাগে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি ও নদিয়ায় ভোট হতে পারে। দ্বিতীয় ভাগে মুর্শিদাবাদ, বীরভূম, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল। অশান্তি রুখতে কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার মতো স্পর্শকাতর জেলাগুলিতে বিশেষ নজরদারি ও বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে কমিশন।

রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটের দফা কমানোর আবেদন জানালেও, সবটাই দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতার ওপর। পর্যাপ্ত বাহিনী পাওয়া গেলেই তিন দফায় ভোট সম্ভব। এই বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন। সেখান থেকে ছাড়পত্র মিললেই ৩ দফার তত্ত্বে সিলমোহর পড়বে। শান্তিতে ভোট করানোই এখন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy