‘২ বছর নির্বাসনে পাঠাও!’ বিশ্বকাপে ব্যর্থ পাক ক্রিকেটারদের জন্য ভয়ঙ্কর নিদান শাহিদ আফ্রিদির

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর চরম অস্বস্তিতে পাকিস্তান ক্রিকেট দল। সুপার-এইট থেকে বিদায়ের পর সলমন আলি আঘা ও তাঁর দলের ক্রিকেটারদের ওপর ৫০ লক্ষ টাকা (পাকিস্তানি মুদ্রায়) জরিমানা চাপিয়েছে মহসিন নকভির নেতৃত্বাধীন পিসিবি। তবে এই আর্থিক জরিমানাকে ‘ছোট চিন্তাভাবনা’ বলে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি।

সামা টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এই সিদ্ধান্তের কোনো মানে হয় না। যারা পারফর্ম করতে ব্যর্থ হয়েছে, তাদের ঘরোয়া ক্রিকেটে ফেরত পাঠানো উচিত। কয়েকজন ক্রিকেটারকে তো অন্তত ২ বছরের জন্য দল থেকে বের করে দেওয়া উচিত, ওটাই হবে আসল শাস্তি।” ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, গ্রুপ পর্বে ভারতের কাছে ৬১ রানে হারের পরই এই জরিমানার ছক কষেছিল বোর্ড।

বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়া এবং হ্যারি ব্রুকের ঝোড়ো সেঞ্চুরিতে ইংল্যান্ডের কাছে হার পাকিস্তানের বিদায়ঘণ্টা বাজিয়ে দেয়। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও নেট রান-রেটে পিছিয়ে থাকায় কিউইদের কাছে সেমিফাইনালের টিকিট হারায় ‘মেন ইন গ্রিন’। পারফরম্যান্সের বদলে পিসিবি-র এই ‘টাকা কাটার’ নীতি এখন পাক ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy